এক ব্যাগ অভিমান
এক ব্যাগ অভিমান

এক ব্যাগ অভিমান

এক ব্যাগ অভিমান যত্ন করে গুছিয়ে রেখেছি তোমার জন্য।

আকাশে যেমন মেঘের বাড়াবাড়ি, তেমনি দিন গড়ানোর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তোমার প্রতি আমার অভিমানের ওজন।

মনে আছে তো, বলেছিলে—একদিন গোধূলি বিকেলে আসবে?

যেদিন আসবে, সেদিন তোমাকে নিয়ে যাব সেই নদীর তটে। বসব দু’জনে পাশাপাশি, নরম ঘাসের ওপর। চারপাশে তখন পাখিদের ঘরে ফেরার ব্যস্ততা, নদীর বুকে শেষ বিকেলের আলো, আর দূরের আকাশে লাল রঙা সূর্যটা ধীরে ধীরে অস্ত যাওয়ার পথে।

আর আমি?

আমি তখন ব্যস্ত থাকব আমার সেই অভিমানের ব্যাগটা তোমার সামনে খালি করতে। একে একে বলব কতটা কষ্ট পেয়েছি, কতবার তোমাকে মনে পড়েছে, কত কথা বলতে চেয়েও চুপ করে থেকেছি।

তুমি হয়তো হেসে হেসে আমার সব অভিমান শুনবে। মাঝে মাঝে আমার গালটা টেনে ধরবে, একটু আল্হাদ, একটু আস্কারা দিয়ে আমার মান ভাঙাবে। আর তোমার সেই চেনা চোখের মায়ায় একসময় দেখবে, অভিমানের ব্যাগটা একেবারে হালকা হয়ে গেছে।

হয়তো সেদিন লাল রঙা সূর্যটা অনেক আগেই ডুবে যাবে, পাখিরা সবাই ঘরে ফিরে যাবে, নদীর তটটাও নিস্তব্ধ হয়ে আসবে।

শুধু আমরা দু’জন বসে থাকব একটা দীর্ঘ অপেক্ষার শেষে, সমস্ত অভিমান ভুলে।

আসলে কিছু মানুষকে ভালোবাসা যায় না অভিমান ছাড়া।

কারণ অভিমানও তো ভালোবাসারই আরেকটি নরম নাম।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *